ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: ইতালির প্রতিরক্ষামন্ত্রী

আপডেট : ০৬ মার্চ ২০২৬, ০৯:১৯

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে দাবি করেছেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী গাইডো ক্রোসেত্তো। বৃহস্পতিবার (৫ মার্চ) দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে দেওয়া বক্তব্যে তিনি বলেন, গত সপ্তাহে চালানো এই হামলার সিদ্ধান্ত নিঃসন্দেহে আন্তর্জাতিক আইনের নিয়মের বাইরে ছিল। খবর রয়টার্সের

প্রতিবেদনে বলা হয়, ইতালির ডানপন্থি সরকার এখন পর্যন্ত এ বিষয়ে সবচেয়ে কঠোর সমালোচনা করল। বর্তমান সরকার গত বছর ক্ষমতায় আসার পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে।

ক্রোসেত্তো বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের মিত্র ও অংশীদারদের আগাম কোনো সতর্কতা না দিয়েই এই সংঘাত শুরু করেছে। ফলে ইতালিসহ বিশ্ব এখন সেই সংঘাতের পরিণতি সামাল দিতে বাধ্য হচ্ছে। এটি এমন একটি যুদ্ধ, যা শুরু হয়েছে অথচ বিশ্বে কেউ আগে থেকে জানত না। এখন আমাদেরও অন্যদের মতো এর পরিণতি মোকাবিলা করতে হচ্ছে।

এদিকে ইতালি জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে ইরানের সম্ভাব্য পাল্টা আক্রমণ থেকে সুরক্ষা দিতে উপসাগরীয় দেশগুলোকে বিমান প্রতিরক্ষা সহায়তা দেওয়া হবে। পাশাপাশি ভূমধ্যসাগরের দ্বীপ রাষ্ট্র সাইপ্রাসের নৌবাহিনীর কিছু সম্পদ মোতায়েন করা হবে।

ইত্তেফাক/কেএইচ