গাজীপুরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু

আপডেট : ০৬ মার্চ ২০২৬, ০৯:৪১

গাজীপুর মহানগর-এর পুবাইল এলাকায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে পুবাইল রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পুবাইলের মৃধাবাড়ি এলাকার মৃত আশরাফ আলীর ছেলে সজীব মিয়া (৪০) এবং সাতানিপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে শেখ হাবিব বাপ্পী (৩৫)।

স্থানীয় বাসিন্দা ও রেলওয়ে পুলিশের সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে শেখ হাবিব বাপ্পী ও সজীব মিয়া পুবাইল বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পুবাইল রেলক্রসিং অতিক্রম করার সময় চট্টগ্রামগামী একটি কনটেইনারবাহী ট্রেন আসায় অল্প সময়ের জন্য যান চলাচল বন্ধ রাখা হয়।

তবে তারা অপেক্ষা না করে রেলক্রসিংয়ের লোহার গেট উঁচু করে মোটরসাইকেল নিয়ে পার হওয়ার চেষ্টা করেন। এ সময় দ্রুতগতির ট্রেনটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুবাইল রেলওয়ে স্টেশনমাস্টার আবু তাহের মোহাম্মদ মুসা জানান, বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইত্তেফাক/এএইচপি