কালীগঞ্জে দুই ওয়ার্কশপ মালিকের সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২

আপডেট : ০৬ মার্চ ২০২৬, ১২:০২

গাজীপুরের কালীগঞ্জে দুটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিকদের মধ্যে মেশিনের ফর্মা তৈরি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে হাবিবুর রহমান হবি সিকদার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন এবং একজন যুবককে পুলিশ আটক করেছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের খলাপাড়া এলাকার এবিএল গেটের সামনে ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত হবি সিকদার মধ্য খলাপাড়া গ্রামের মৃত তালেব আলী সিকদারের ছেলে। আহতরা হলেন খলাপাড়া গ্রামের নজরুল মোল্লার ছেলে সজিব মোল্লা (২৮) এবং ফজলুর রহমানের মেয়ে জেসমিন বেগম (৩০)। আটক ইকবাল সিকদার একই এলাকার রিপন সিকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই ওয়ার্কশপের মালিকদের মধ্যে মেশিন ফর্মা তৈরিকে কেন্দ্র করে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সজিব মোল্লাকে মারধর করার সময় তার ফুপা হবি সিকদার সাহায্যে এগিয়ে গেলে তাকে ও আঘাত করা হয়।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক হবি সিকদারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সজিব মোল্লাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। জেসমিন বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইত্তেফাক/এএইচপি