পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অধীনে নির্মাণাধীন একটি সড়কের কাজে অনিয়মের অভিযোগ উঠলেও তা ভিত্তিহীন বলে দাবি করেছে উপজেলা প্রশাসন। সম্প্রতি অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রকৌশলী সরেজমিনে পরিদর্শন করে জানান, প্রকল্পের কাজ অনুমোদিত নকশা ও প্রাক্কলন অনুযায়ীই বাস্তবায়ন করা হচ্ছে।
এলজিইডি সূত্রে জানা গেছে, গঙ্গিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সামুদাফৎ সড়ক হয়ে বটতলা পর্যন্ত প্রায় ৬ দশমিক ২৫ কিলোমিটার সড়ক নির্মাণ প্রকল্পটি ২০২৩–২০২৪ অর্থবছরে অনুমোদন পায়। প্রায় ৪ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নাজমুল শাহাদাৎ ট্রেডার্স।
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. সাহিন বলেন, সড়ক নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহার বা নকশাবহির্ভূত কাজের অভিযোগ সঠিক নয়। প্রকল্পের কাজ এখনো চলমান এবং প্রতিটি ধাপ এলজিইডির তত্ত্বাবধানে নিয়ম মেনেই সম্পন্ন হচ্ছে।
উপজেলা প্রকৌশলী মো. হাবিবুর রহমান বলেন, সড়কটি আগে এইচবিবি (ইটের রাস্তা) ছিল। নিয়ম অনুযায়ী পুরোনো ইট বর্তমান প্রাক্কলনে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং নির্ধারিত ঠিকাদার সেই নকশা অনুযায়ী কাজ করছেন।
তিনি আরও বলেন, ‘অভিযোগ পাওয়ার পর ইউএনও মহোদয়কে সঙ্গে নিয়ে সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। রাস্তাটির পুরুত্ব, প্রস্থ ও দৈর্ঘ্য পরিমাপ করে সঠিক পাওয়া গেছে। তাই অভিযোগটি ভিত্তিহীন বলে মনে হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভুঁঞা বলেন, ‘সড়ক নির্মাণকাজে অনিয়মের বিষয়ে একটি অভিযোগ পাওয়া যায়। অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রকৌশলীকে সঙ্গে নিয়ে সরেজমিনে সড়কটি পরিদর্শন করা হয়। পরিদর্শনের সময় কয়েকটি স্থানে নির্মাণকাজের মান পরীক্ষা করা হয়েছে। কিন্তু যাচাই-বাছাই করে দেখা গেছে, যে সকল বিষয়ে অভিযোগ তোলা হয়েছে তা সঠিক নয়।’
