রাজধানীর সায়েন্স ল্যাব ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) রাতে ঈদ শপিং শেষে ফেরার পথে এই ঘটনা ঘটে।
তেজগাঁওয়ে দুর্ঘটনায় নিহতরা হলেন- সিএনজি অটোরিকশার চালক মো. আলিম (৬৫) ও যাত্রী মো. হারুনুর রহমান (৩২)। আর সায়েন্স ল্যাবে দুর্ঘটনায় নিহতরা হলেন- সাজু আহমেদ সুমন (৪৫) ও তার মেয়ে সুমাইয়া আহমেদ তৃষা (১৯)।
নিহত হারুন রহমান তিনি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার দশকাহানিয়া গ্রামের বাসিন্দা। বর্তমানে মহাখালী এলাকায় থাকতেন। এ ঘটনায় তাঁর স্ত্রী বৃষ্টি এবং বোন হ্যাপি আহত হয়েছেন। নিহত অটোরিকশাচালক আলিম (৬৫) মধ্য বাড্ডায় থাকতেন।
জানা যায়, গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক সাজু আহমেদ সুমন তার একমাত্র মেয়ে তৃষাকে নিয়ে বের হয়েছিলেন ঈদ কেনাকাটায়। কেনাকাটা শেষ হলেও বাড়ি ফেরা হয়নি বাবা ও মেয়ের। রাত ৯টার দিকে বাবার মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন সিথি। সায়েন্সল্যাব মোড়ে পৌঁছালে একটি বালুর ট্রাক মোটরসাইলে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সুমন। স্থানীয়রা তৃষাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নিউ মার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে সাজু আহমেদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেকের জরুরি বিভাগের মর্গে পাঠাই। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান।
অন্যদিকে রাতে রাজধানীর তেজগাঁওয়েও ঘটেছে একই ঘটনা। মো. হারুনুর রহমান ঈদের কেনাকাটা শেষে পরিবার নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফিরছিলেন। কিন্তু সাত রাস্তার মোড়ে অটোরিকশাটি ইউটার্ন নেয়ার সময় আইল্যান্ডে সজোরে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা আহতদের ঢামেক হাসপাতালে নিলে মো. হারুনুর রহমান ও অটোরিকশাচালক আলিমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে, তারা যথাযথ আইনি ব্যবস্থা নিচ্ছে।

