ঈদযাত্রায় ১৭ মার্চের ট্রেনের টিকিট কাটতে আধা ঘণ্টায় ১ কোটি ৩০ লাখ হিট

আপডেট : ০৭ মার্চ ২০২৬, ১৬:৪৩

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেন যাত্রার অগ্রিম টিকিট বিক্রির ধারাবাহিকতায় আজ শনিবার ১৭ মার্চের যাত্রার টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। টিকিট বিক্রি শুরুর পর সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত মাত্র আধা ঘণ্টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট কাটতে ওয়েবসাইট ও অ্যাপে প্রায় ১ কোটি ৩০ লাখ হিট হয়।

রেলওয়ে সূত্রে জানা যায়, ১৭ মার্চ ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ট্রেনের মোট আসন রয়েছে ৩১ হাজার ২৫৫টি। এর মধ্যে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের ২০টি ট্রেনের ১৪ হাজার ৬৮৬ আসনের টিকিট বিক্রি হয়ে গেছে।

শনিবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে ঢাকা-রাজশাহী, ঢাকা-পঞ্চগড়, ঢাকা-চিলাহাটি, ঢাকা-বেনাপোল, ঢাকা-দিনাজপুর, ঢাকা-রংপুর, ঢাকা-কুড়িগ্রাম ও ঢাকা-খুলনা রুটের ট্রেনে কোনো আসন অবশিষ্ট ছিল না।

রেলওয়ের কর্মকর্তারা জানান, গত কয়েক দিনের তুলনায় আজকের চাহিদা সবচেয়ে বেশি। ফলে যাত্রীদের একসঙ্গে টিকিট কাটার চেষ্টা করায় ওয়েবসাইট ও অ্যাপে চাপ তৈরি হয়। তাদের ধারণা, আজ এবং আগামীকালের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি থাকবে। 

এদিকে কিছু যাত্রী টিকিট না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করেছেন। আতিকুল ইসলাম নামে এক যাত্রী জানান, সকাল ৮টায় ওয়েবসাইটে প্রবেশ করেও তিনি টিকিট কাটতে পারেননি, কারণ টিকিট আগে বুক হয়ে গেছে।

রেলওয়ে জানিয়েছে, ঈদ উপলক্ষে যাত্রার আগের সাত দিনের টিকিট অগ্রিম বিক্রি করা হচ্ছে। আজ ৭ মার্চ বিক্রি হয়েছে ১৭ মার্চের, আগামীকাল ৮ মার্চ বিক্রি হবে ১৮ মার্চের এবং ৯ মার্চ বিক্রি হবে ১৯ মার্চের টিকিট।

এদিকে শনিবার বেলা ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। 

উল্লেখ্য, ঈদযাত্রার জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে শুরু হয়েছে। 

ইত্তেফাক/এসজেএস