প্রতারণার অভিযোগে নারীকে মারধর করে পুলিশে দিলেন জনতা

আপডেট : ০৭ মার্চ ২০২৬, ১৯:১৯

ইনস্যুরেন্স, চাকরি, ব্যবসা ও মোটা অঙ্কের ঋণ পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মাহমুদা নামে এক নারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

শনিবার (৭ মার্চ) দুপুরে শহরের বড়বাজারের এইচ.এম.এম রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। ওই নারীকে আটকের খবর জানার পরে কোতোয়ালী থানায় ভিড় করেন প্রতারণার শিকার ভুক্তভোগীরা। এসময় তারা বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ করেন।

ভুক্তভোগীরা জানান, মাহমুদা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিলেন। বিশেষ করে ইনস্যুরেন্সের নামে টাকা নেওয়া, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া, মোটা অঙ্কের ঋণ দেওয়াসহ নানা সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা সংগ্রহ করেছেন বলে অভিযোগ রয়েছে। শনিবার কয়েকজন ভুক্তভোগী তাকে যশোর শহরে দেখতে পেয়ে আটক করেন। অন্যদের খবর দিলে তারাও ঘটনাস্থলে এসে জড়ো হন। এ সময় মাহমুদার ছেলে মাহিন ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ভুক্তভোগীদের ক্ষোভের মুখে পড়েন তারা। এ সময় কয়েকজন তাকে মারধরও করেন।

ভুক্তভোগীদের দাবি, মাহমুদা এলাকায় ‘মামলাবাজ’ হিসেবেও পরিচিত। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে উল্টো তাদের বিরুদ্ধেই মামলা করে হয়রানি করতেন।

যশোর কোতোয়ালী মডেল থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, প্রতারণার শিকার হওয়া ভুক্তভোগীরা মাহমুদাকে আটক করে পুলিশে দেয়। অনেক ভুক্তভোগী থানায় ভিড় করছে। ভুক্তভোগীরা মামলা দিলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

ইত্তেফাক/এপি