ইরাক-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রভাব পড়েছে বিশ্বজুড়ে, বাংলাদেশও ব্যতিক্রম নয়। এই পরিস্থিতিতে গত কয়েকদিন ধরে দেশের ডিজেল, পেট্রল ও অকটেন নিতে ভোগান্তির শিকার হচ্ছে মানুষ। ডিজেল-তেল ভর্তির পাম্পগুলোতেও দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। এবার সাতক্ষীরার কলারোয়া একটি পাম্পে দেখা গেল ব্যতিক্রমী প্রচারণা। গ্রাহকের হৈ-হল্লা থেকে সময় বাঁচাতে সেখানে লিখে দেওয়া হয়েছে—‘পেট্রোল চাহিয়া লজ্জা দিবেন না’, ‘অকটেন নাই’।
রোববার (৮ মার্চ) কলারোয়ার ‘সোনিয়া পাম্প’ এই দৃশ্য দেখা গেছে। কলারোয়া পৌরসদরের ৩টি ফুয়েল পাম্পে ঘুরে মূলত একই দৃশ্য দেখা গেছে।
এসব পেট্রলপাম্পে সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েকদিন ধরে সোনিয়া পাম্পে ডিজেল, পেট্রোল, অকটেন কোনটাই বিক্রি হচ্ছে না। বিষয়টি জানা না থাকায় অনেকেই সেখানে পেট্রল-ডিজেল নিতে আসছেন। অনেক সময় গ্রাহকের সঙ্গে তর্ক-বিতর্কের ঘটনা ঘটছে। তাই অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে সময় বাঁচাতে সেখানে ইতোমধ্যে বড় কাগজে ‘পেট্রোল চাহিয়া লজ্জা দিবেন না’, ‘ডিজেল নাই,’ ‘অকটেন নাই’ লেখা টাঙিয়ে দেওয়া হয়েছে। ওই পাম্পে সব ধরণের তেল বিক্রি বন্ধ থাকতে দেখা গেছে।
অন্যদিকে ওই এলাকার ‘ইউরেকা ফুয়েল পাম্পে’ গত ৩দিন ধরে পেট্রল বিক্রি বন্ধ ছিলো। প্রতি মোটরসাইকেলে ২০০ টাকা করে অকটেন বিক্রি করা হচ্ছিলো। তবে রোববার দুপুর থেকে পেট্রল অথবা অকটেন যেকোনো একটি ২০০টাকা করে প্রতি মোটরসাইকেলে বিক্রি করতে দেখা গেছে।
রোববার দুপুরে সোনিয়া পাম্পে ‘পেট্রোল চাহিয়া লজ্জা দিবেন না’ সংবলিত সাইনবোর্ডের ব্যাপারে কথা বলতে চাইলে সেখানে কর্মরতরা বলেন, এখন মালিকপক্ষের কেউ পাম্পে নেই।
ওই পাম্পের স্টাফ রনি হোসেন বলেন, ‘এখন পেট্রল নাই। পেট্রল আসলে আমরা দিতে পারবো দিতে পারবো। কিন্তু অনেকেই পেট্রলের জন্য এসে ফেরত যাচ্ছেন। তাই কাগজে লিখে বিষয়টি জানানো হয়েছে।’

