রাশিয়ার সঙ্গে ইরানের সামরিক সহযোগিতা চলমান: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ২১:৪৭

তেহরান ও মস্কোর মধ্যে সামরিক সহযোগিতা চলমান এবং এটা নতুন কিছু নয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি এটিকে একটি দীর্ঘস্থায়ী কৌশলগত অংশীদারত্ব বলে বর্ণনা করেছেন।

এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন বলে জানায় আল-জাজিরা।

রাশিয়ার কাছ থেকে ইরান কোনো সাহায্য পাচ্ছে কিনা জানতে চাওয়া হলে, তিনি বলেন, দুই দেশ বহু বছর ধরে সামরিক সম্পর্ক বজায় রেখেছে। আরাগচি বলেন, ‘আমাদের সঙ্গে রাশিয়ার একটি কৌশলগত অংশীদারত্ব রয়েছে। এই দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা নতুন কিছু নয়। এটি কোনো গোপন বিষয় নয়। এটি অতীতে ছিল এবং এখনও রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

রাশিয়া কি ইরানকে মার্কিন লক্ষ্যবস্তু খুঁজে পেতে সাহায্য করছে? এ প্রশ্নের উত্তরে আব্বাস আরাগচি বলেন, তার কাছে এই বিষয়ে বিস্তারিত সামরিক তথ্য নেই। কিন্তু দুই দেশের মধ্যে সম্পর্ক অত্যন্ত শক্তিশালী।

ইত্তেফাক/এমএএস