ভোলার সব রুটে বাস চলাচল বন্ধ

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ১৬:৩৮

সিএনজিচালকদের বিরুদ্ধে বাস শ্রমিকদের ওপর হামলা ও বাস ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে ভোলার পাঁচটি অভ্যন্তরীণ রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। হামলার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে সোমবার (৯ মার্চ) দুপুর ১টা থেকে এ ধর্মঘট শুরু হয়। এতে এসব রুটে চলাচলকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

বাস শ্রমিকদের অভিযোগ, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ভোলার চরফ্যাশন উপজেলা শহরে সিএনজি শ্রমিকরা তাদের ওপর হামলা চালায়। এ সময় একটি বাস ও বাস কাউন্টারে ভাঙচুর করা হয়।

ঘটনার প্রতিবাদে ভোলা সদরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ডে বাস শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেন। দুপুর ১টার দিকে তারা বাসস্ট্যান্ডের সামনে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে প্রায় ২০ মিনিট সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখেন। পরে পুলিশ গিয়ে গাছের গুঁড়ি সরিয়ে সড়কে অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক করে। এছাড়া সড়কে কোনো সিএনজি দেখলে সেটি থামিয়ে বাসস্ট্যান্ডের ভেতরে নিয়ে রাখা হচ্ছে বলেও জানা গেছে।

ভোলা জেলা বাস মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমান অভিযোগ করেন, চরফ্যাশন উপজেলা শহরে সিএনজি স্ট্যান্ড গড়ে যাত্রী ওঠানামা করছিলেন চালকরা। এ নিয়ে বিরোধের জেরে সিএনজি শ্রমিকরা হঠাৎ বাস শ্রমিকদের ওপর হামলা চালায় এবং একটি বাস ও বাস কাউন্টারে ভাঙচুর করে। এ ঘটনার প্রতিবাদে এবং দায়ীদের বিচারের দাবিতে জেলার পাঁচটি রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

তবে এ অভিযোগের বিষয়ে সিএনজিচালক ও মালিক সমিতির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভোলা জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল গনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক করেছে। তবে বাস চলাচল এখনও বন্ধ রয়েছে। বিষয়টি সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।

ইত্তেফাক/এমএএম