ঐতিহাসিক ম্যাচে নিউক্যাসলের সামনে বার্সেলোনা

আপডেট : ১০ মার্চ ২০২৬, ১৫:১২

সেন্ট জেমস পার্কে আজ ইতিহাস ফেরার রাত। দুই দশকেরও বেশি সময়ের আক্ষেপ ঘুচিয়ে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে পা রাখছে 'দ্য ম্যাগপাইস'রা। তবে ফেরার এই উপলক্ষ্যটা মোটেও সহজ নয়; সামনে দাঁড়িয়ে ইউরোপের পরাশক্তি বার্সেলোনা। নিউক্যাসলের সমর্থকদের কাছে আজকের ম্যাচ দীর্ঘ প্রতীক্ষার পর ইউরোপীয় আভিজাত্যে নিজেদের নতুন করে ফিরে পাওয়ার লড়াই। 

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো পর্বের প্রথম লেগে আজ দিবাগত রাত ২টায় ইংল্যান্ডের নিউক্যাসলের সেন্ট জেমস পার্কে মুখোমুখি হবে দুই দল। ২০০২-০৩ মৌসুমের পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে উঠেছে নিউক্যাসল ইউনাইটেড।

এবার দীর্ঘ অপেক্ষা শেষে আবার ইউরোপের এলিট মঞ্চে নিজেদের জায়গা তৈরি করেছে ক্লাবটি। তবে এবার তাদের সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। প্লে-অফ পর্বে আজারবাইজানের ক্লাব কারাবাগকে হারিয়ে নকআউট পর্বে উঠলেও এবার তাদের সামনে দাঁড়িয়ে আছে হান্সি ফ্লিকের তারকাখচিত বার্সেলোনা। মৌসুমটি তাদের জন্য খুব ধারাবাহিক হয়নি। ফলে ইউরোপের পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনাকে হারাতে হলে নিজেদের সেরা পারফরম্যান্সের চেয়েও বেশি কিছু দেখাতে হবে এডি হাওয়ের দলের। 

বার্সেলোনা এই ম্যাচে নামছে আত্মবিশ্বাস নিয়ে। লা লিগায় গত সপ্তাহান্তে অ্যাথলেটিক বিলবাওকে কঠিন লড়াইয়ের পর হারিয়ে আবারও শীর্ষে নিজেদের চার পয়েন্টের লিড ধরে রেখেছে কাতালানরা। নিউক্যাসল কোচ এডি হাও মনে করছেন, এটি ক্লাবের ইতিহাসের অন্যতম বড় ম্যাচ হতে যাচ্ছে। এবার তাদের লক্ষ্য আরও বড়।

ক্লাব ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছানো। অন্যদিকে বার্সেলোনা আত্মবিশ্বাস নিয়ে ইংল্যান্ডে যাচ্ছে। চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে ইতোমধ্যেই সেন্ট জেমস পার্কে নিউক্যাসলকে ২-১ গোলে হারিয়েছে তারা। সেই ম্যাচে দুই গোল করেছিলেন মার্কাস র‍্যাশফোর্ড। ম্যাচের শেষদিকে অ্যান্থনি গর্ডন একটি গোল শোধ করেছিলেন। কিন্তু ততক্ষণে ম্যাচটি প্রায় হাতছাড়া হয়ে যায় নিউক্যাসলের। 

বার্সেলোনার জন্য আরেকটি বড় শক্তি হয়ে উঠছেন তরুণ তারকা লামিনে ইয়ামাল। এবার সেই আত্মবিশ্বাস নিয়েই নিউক্যাসলের মাঠে নামবে বার্সেলোনা। দিনের অন্য ম্যাচগুলোতে মুখোমুখি হবে গালাতাসারে-লিভারপুল, অ্যাটলেটিকো মাদ্রিদ-টটেনহাম এবং আতালান্তা-বায়ার্ন মিউনিখ।

ইত্তেফাক/জেডএইচ