সিডনিতে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের ইফতার মাহফিল

আপডেট : ১০ মার্চ ২০২৬, ২১:৩২

অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে তৃতীয়বারের মতো ইফতার মাহফিলের আয়োজন করেছে স্টুডেন্ট কমিউনিটি—ইউনাইটেড উই আর স্ট্রংগার (UWS)।

স্থানীয় সময় রোববার (৮ মার্চ) সিডনিতে আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে শহরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রায় ৩০০ জন বাংলাদেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, প্রবাসে থাকা শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, একে অপরের সঙ্গে পরিচিতি এবং রমজানের আনন্দ ভাগাভাগি করাতেই এই আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা জানান, এই ধরনের আয়োজন তাদের মধ্যে একধরনের পারিবারিক অনুভূতি তৈরি করে। নতুন শিক্ষার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেখানে তারা অন্য শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত হতে ও অভিজ্ঞতা বিনিময় করতে পারেন।

আয়োজকরা বলেন, অস্ট্রেলিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বাড়ছে। তাই পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধি করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও UWS প্রবাসী শিক্ষার্থীদের কল্যাণে এবং তাদের মধ্যে ঐক্য ও বন্ধন সুদৃঢ় করতে এ ধরনের সামাজিক ও ধর্মীয় কার্যক্রম চালিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তারা।

UWS একটি বাংলাদেশি স্টুডেন্ট কমিউনিটি, এর সঙ্গে বর্তমানে প্রায় দুই হাজার শিক্ষার্থী যুক্ত রয়েছেন। অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে একত্রিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে তারা।

ইত্তেফাক/এসএএস