চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রাম ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন (৪২) নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এ দুর্ঘটনা ঘটেছে। এরপর তাকে উদ্ধার করে প্রথমে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কামাল উদ্দিন উপজেলার খৈয়াছরা ইউনিয়নের পশ্চিম পোলমোগরা গ্রামের মৃত মজিবুল হকের ছেলে। পারিবারিক জীবনে তিনি দুই সন্তানের জনক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ব্যবসায়িক কাজ শেষে প্রাইভেটকারে বড়তাকিয়া ফিরছিলেন কামাল। তার গাড়িটি নিপ্পন কারাখানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা
একটি ড্রামট্রাকের সংঘর্ষ হয়। এতে কামালের গাড়িটি দুমড়েমুছেড়ে যায় এবং তিনি গাড়িতে আটকে যান। পরে গাড়ি কেটে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী নাঈম সরকার বলেন, ‘আমি দেখলাম কামাল ভাই প্রাইভেটকার নিয়ে একপাশ দিয়ে যাচ্ছে, অপর দিকে থেকে একটি ড্রামট্রাক যাচ্ছে। চোখের পলকে ড্রামট্রাকটি কামাল ভাইয়ের গাড়িকে ধাক্কা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। লোকজন ছুটে এসে চালককে আটক করেছে। এটা দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড খতিয়ে দেখা প্রয়োজন।’
জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক জানান, যুবদল নেতা কামালের গাড়িকে ধাক্কা দেওয়া গাড়ি জব্দ এবং চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
