বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সদ্য শপথ নেওয়া টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খানকে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলালকে অতিরিক্তভাবে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও অভিপ্রায় অনুযায়ী মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হন সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন।
সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হওয়ার পর সাংবিধানিক কারণে তারা আর মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে পারেন না। ফলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলালের ওপর অতিরিক্তভাবে ন্যস্ত করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানকে মন্ত্রী হিসেবে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
