পুরো ক্যারিয়ারে বিভিন্ন পজিশনে ব্যাটিং করেছে মাহমুদউল্লাহ রিয়াদ। জাতীয় দলে তার ব্যাটিং পজিশন কখনই স্থায়ী ছিল না। ওয়ান ডাউন থেকে শুরু করে ৫ বা ৬ নম্বরেও ব্যাটিং করতেন হয়েছে অভিজ্ঞ এই ক্রিকেটারকে। সম্প্রতি এক পডকাস্টে মাহমুদউল্লাহ জানিয়েছেন, ব্যাটিং পজিশন পরিবর্তনের অনুরোধ আসলে, তা প্রত্যাখ্যান করা বেশ কঠিন হয়ে যেতো তার জন্য।
বৃহস্পতিবার (১২ মার্চ) প্রচারিত একটি পডকাস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মাহমুদউল্লাহ বলেন, ‘মনের গভীরে আমি সবসময় ৪ বা ৫ নম্বর পজিশনে ব্যাটিং করতে চাইতাম। কিন্তু আমি কখনোই সেভাবে নিজের কণ্ঠস্বর উঁচু করতে পারিনি। আমি চুপচাপ থাকতাম। যদি সুযোগ আসত, তবে আমি সেটি লুফে নিতে চাইতাম।’

তিনি আরও বলেন, ‘কারণ গত কয়েক বছর ধরে, আলহামদুলিল্লাহ, বাংলাদেশ দলের ব্যাটিং পজিশনের জন্য আমি যে পরিমাণ ত্যাগ স্বীকার করেছি, আমার মনে হয় না আর কেউ তা করেছে।’
তবে তা নিয়ে কোনো অভিযোগ নেই জানিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘আমার নিজস্ব পছন্দ ছিল ঠিকই, কিন্তু আমাকে ত্যাগ স্বীকার করতে হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি কোনো কিছু নিয়েই অভিযোগ করছি না। আমি এতেই খুশি ছিলাম যে দল যা চায় আমি যদি তা করতে পারি এবং তাতে যদি দলের ভালো ফলাফল আসে, তবে সেটাই ঠিক আছে। আমি অভিযোগ করিনি।’
মাশরাফির অনুরোধ ফেলতে পারতেন না জানিয়ে তিনি বলেন, “মাশরাফি ভাই এসে আমাকে বলতেন, ‘রিয়াদ, আজ তুমি ৪ নম্বরে ব্যাটিং করছ— কাল তুমি ৫ নম্বরে নামবে।’ আমি বলতাম, ‘ঠিক আছে, ওকে।’ ৫ নম্বরে নেমে যদি আমি রান করতাম, তিনি বলতেন, ‘ঠিক আছে, আজ ৬ নম্বরে নামো।’ আমি বলতাম, ‘ওকে, ঠিক আছে। আপনি বললে কোনো সমস্যা নেই।’ এভাবেই আমার ব্যাটিং অর্ডার খুব ঘনঘন পরিবর্তিত হতো।”

