খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় পিকআপের ধাক্কায় রাফি (৮) নামে এক শিশুর নিহত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ ) জুমার নামাজের আগমুহূর্তে পুরাতন উপজেলার গিরিকলি কিন্ডারগার্টেন অ্যান্ড পাবলিক স্কুল সড়কের এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাফি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি স্কুল টিলার মো. সানোয়ার হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাফির বাবা মো. সানোয়ার হেসেন চট্টগ্রাম রেলওয়ে পুলিশের এএসআই হিসেবে কর্মরত আছেন। মা রুজি আক্তার মানিকছড়ি উপজেলায় সার্কেল অফিসে কনস্টেবল পদে কর্মরত। মানিকছড়ি পুরাতন উপজেলা এলাকার একটি ভাড়া বাসায় মায়ের সঙ্গেই থাকতো রাফি। শুক্রবার তার বাসা পুরাতন উপজেলা সংলগ্ন সড়কে সাইকেল নিয়ে খেলছিল সে। এসময় একটি পিকআপের ধাক্কায় গুরুতর আহত হয় শিশুটি।
পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘাতক পিকআপ (চট্টমেট্রো -ন -১২-০৫৫৮) জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মানিকছড়ি থানার ওসি মাসুদ পারভেজ বলেন, পিকআপের ধাক্কায় রাফি নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘাতক পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
