নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের ইহুদি সম্প্রদায়ের একটি স্কুলে বিস্ফোরণে স্কুলের বাইরের অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কেউ হতাহত হয়নি। খবর বার্তাসংস্থা রয়টার্সের।
শনিবার (১৪ মার্চ) স্থানীয় সময় ভোরে স্কুলটির সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঘটনাটিকে ‘ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে পরিকল্পিত হামলা’ বলে উল্লেখ করেছেন আমস্টারডামের মেয়র ফেমকে হালসেমা।
তিনি জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং ইহুদি প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা আরও জোরদার করা হবে।
আমস্টারডামের মেয়র বলেন, ‘আমস্টারডামে ইহুদি সম্প্রদায় ক্রমেই বিদ্বেষের মুখোমুখি হচ্ছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এটি ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে কাপুরুষোচিত আগ্রাসনের একটি ঘটনা।’
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নেদারল্যান্ডসে অর্থডক্স ইহুদিদের জন্য এটিই একমাত্র বিশেষায়িত স্কুল। অতীতে হুমকির কারণে স্কুলটির চারপাশে ধারালো ধাতব বেষ্টনীযুক্ত দেয়াল স্থাপন করা হয়েছিল।

