ঈদযাত্রায় অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ১৮:৫৬

ঈদযাত্রায় কোনো ধরনের অনিয়ম বা অব্যবস্থাপনা পরিলক্ষিত হলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার (১৪ মার্চ) রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তিন দিনে প্রায় দেড় কোটি লোক ঢাকা ছাড়বে শেখ রবিউল আলম বলেন, এটি আমাদের জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ। তবে আমাদের যতটুকু সক্ষমতা আছে, তা দিয়েই আমরা এই চ্যালেঞ্জ মোকাবিলা করার চেষ্টা করছি। প্রধানমন্ত্রী নিজেই সার্বক্ষণিক ঈদযাত্রার খোঁজখবর রাখছেন।

টার্মিনালের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে সেতুমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত সব গাড়ি সঠিক সময়ে ছেড়ে যাচ্ছে, বড় কোনো শিডিউল বিপর্যয় নেই। যাত্রীদের পক্ষ থেকেও বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ আমরা পাইনি। বর্তমানে যাত্রীচাপ মাঝারি পর্যায়ে রয়েছে।’

 টার্মিনালগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং মনিটরিং টিমের সংখ্যা বাড়ানো হয়েছে উল্লেখ করে সড়কমন্ত্রী বলেন, আগে যেখানে ৯ জন ম্যাজিস্ট্রেট কাজ করতেন, এখন সেখানে ২৪টি মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। হাইওয়ে পুলিশের টহলও জোরদার করা হয়েছে।

এসময় ঈদের আগে-পরে মোট ১২ দিন পেট্রোল পাম্পগুলো খোলা থাকবে বলেও জানান তিনি। 
 

ইত্তেফাক/এনটিএম