নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে দুই ভারতীয় জাহাজ

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ২০:৩৫

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে ভারতীয় পতাকাবাহী দুটি এলপিজি ট্যাংকার। ভারতের বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রণালয় জানিয়েছে, হরমুজ প্রণালি পার হয়ে জাহাজ দুটি এখন ভারতের পশ্চিমাঞ্চলীয় বন্দরগুলোর উদ্দেশে যাত্রাপথে রয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) ভোরে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী জাহাজ দুটি হরমুজ প্রণালি অতিক্রম করেছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন ভারতের বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় মধ্যপ্রাচ্যের সমস্যার সমাধানে আলোচনা ও কূটনৈতিক পথকে গুরুত্ব দেওয়ার কথা বলেন মোদি।

একই সঙ্গে তিনি ইরানসহ ওই অঞ্চলে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা এবং তেলসহ প্রয়োজনীয় পণ্যের অবাধ সরবরাহ নিশ্চিত করার বিষয়টিকে ভারতের অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। 

এর আগে, চলতি সপ্তাহের শুরুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ফোনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে কথা বলেন। সে সময় হরমুজ প্রণালি দিয়ে সামুদ্রিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছিলো জানিয়েছে ইরানি গণমাধ্যম।

পরবর্তীতে বুধবার (১১ মার্চ) পাওয়া অনুমতিক্রমে শুক্রবার (১৪ মার্চ) নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে দুটি ভারতীয় পতাকাবাহী জ্বালানি ট্যাংকার।

ইত্তেফাক/এসএ