সিঙ্গাপুর-ভিয়েতনাম ম্যাচের প্রস্তুতি ক্যাম্পে ২৮ ফুটবলার, জায়গা হয়নি জিকোর 

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ১৬:০৬

আগামী ৩১ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে ৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। এই দুই ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি ক্যাম্পে ২৮ ফুটবলার ডাক পেয়েছেন। তবে জায়গা পাননি গোলরক্ষক আনিসুর রহমান জিকো।

রোববার (১৫ মার্চ) সিঙ্গাপুর-ভিয়েতনাম ম্যাচের প্রস্তুতি ক্যাম্পের জন্য ২৮ ফুটবলারের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

স্কোয়াডে ফিরেছেন বিশ্বনাথ ঘোষ। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন বসুন্ধরা কিংসের এই ডিফেন্ডার। ২০২৪ সালে ৫ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে লাল-সবুজের জার্সিতে সবশেষ ম্যাচ খেলেছিলেন তিনি। 

তবে স্কোয়াডে জায়গা পাননি গোলরক্ষক জিকো। ২০২৩ সাফে দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক হয়েছিলেন তিনি। এরপর ব্যক্তিগত কাণ্ডে নিজেকে হারিয়ে খুঁজছিলেন। এবার চলতি মৌসুমে জিকো কিংসের হয়ে ভালো খেলেও হ্যাভিয়ের কাবরেরার দলের জায়গা হলো না তার। 

২৮ জনের মধ্যে নেই হামজা চৌধুরী। বাফুফে জানিয়েছে, প্রস্তুতি পর্বের প্রথম ধাপে হামজা থাকবেন না, সে জন্যই রাখা হয়নি তাকে। ১৬ থেকে ১৯ মার্চ পর্যন্ত ঢাকায় ক্যাম্প করার পর ২০ মার্চ ভিয়েতনামের উদ্দেশে রওনা করবে বাংলাদেশ দল। হামজা সেখানেই যোগ দেবেন।

‎২৮ জনের ক্যাম্প স্কোয়াড:‎

গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান, ইসহাক আকন্দ

ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, মনজুরুর রহমান, ইসা ফয়সাল।

মিডফিল্ডার: কাজেম শাহ, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মো. সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শমিত সোম।

ফরোয়ার্ড: আরমান ফয়সাল, ইমন শাহরিয়ার, ফয়সাল আহমেদ, ফাহামিদুল ইসলাম, মিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, সুমন রেজা।

ইত্তেফাক/জেডএইচ