দুই দফায় মিললো বিপুল মাদক, ৩ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ১৭:৫২

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়িরটেক এলাকা থেকে দ্বিতীয় দফায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) ভোরে রূপগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে দেড়মণ গাঁজা ও সাড়ে চার শতাধিক ফেন্সিডিলের বোতলসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ। এই ঘটনার পর মাদক কারাবারে জড়িত থাকার অভিযোগে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক হুমায়ূন আহমেদ, সহকারী উপ-পরিদর্শক আহসানউল্লাহ ও নাদিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার ঠাকুরবাড়িটেক এলাকা থেকে ৬০ কেজি গাঁজা ও ৪৫০ বোতল ফেন্সিডিল উদ্ধারের পর পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয়রা। এই ঘটনায় মাদক ব্যবসায়ে জড়িত থাকার অভিযোগে আবু হানিফ ও ইউসুফ মোল্লা নামের দুইজনকে ম্যাগাজিন ও একটি বিদেশি পিস্তলসহ আটক করে পুলিশ। পরে তাদের দেওয়ার তথ্যের ভিত্তিতে ওই এলাকায় দ্বিতীয় দফায় অভিযানে নামে পুলিশ। তাছাড়া প্রাথমিক তদন্তে পুলিশের তিন উপ-পরিদর্শকের নাম উঠে আসায় তাদের প্রত্যাহার করা হয়েছে।


নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।   

ইত্তেফাক/এপি