ঈদে ১০ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ২১:১৬

শিবগঞ্জ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর টানা ১০ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এসময় পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতির স্বাক্ষর করা এক চিঠিতে ছুটির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চিঠি সূত্রে জানা গেছে, আগামী বুধবার (১৮ মার্চ) থেকে শুক্রবার (২৭ মার্চ) পর্যন্ত সোনামসজিদ স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। শনিবার (২৮ মার্চ) থেকে বন্দরের কার্যক্রম যথারীতি আবার চালু হবে।

বন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান ও পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দরে আগে থেকে থাকা পণ্যবাহী ট্রাকগুলোর লোড-আনলোড, পরিবহনসহ অন্যান্য কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে।

সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন কর্মকর্তা এসআই জামিরুল ইসলাম জানান, ছুটির সময়েও সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত স্বাভাবিক থাকবে।

ইত্তেফাক/এপি