রাতে পড়াশোনায় শিক্ষার্থীদের মনোযোগ ও র‍্যাগ ডে–র বিশৃঙ্খলা রোধে পদক্ষেপ জানতে চায় মাউশি

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ১৬:৪১

রাতে পড়াশোনায় শিক্ষার্থীদের মনোযোগ বাড়ানো এবং র‍্যাগ ডে–র নামে বিশৃঙ্খলা ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কী ধরনের পদক্ষেপ নিয়েছে—তার বিস্তারিত তথ্য জানতে চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

রোববার (১৫ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এসব পদক্ষেপের তথ্য জানাতে চাওয়া হয়েছে। 

চিঠিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষার আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের নিজ নিজ অধীনস্থ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাছ থেকে এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করে আগামী ৩০ মার্চের মধ্যে নির্ধারিত ই–মেইলে পাঠাতে বলা হয়েছে। বিষয়টিকে চিঠিতে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর সঙ্গে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা–সংক্রান্ত এক সভার সিদ্ধান্তের আলোকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সভাটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে মাদকবিরোধী ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি র‍্যাগ ডে–র নামে বিশৃঙ্খলা প্রতিরোধ এবং ইভটিজিং ঠেকাতে গৃহীত পদক্ষেপের বাস্তবায়ন অগ্রগতিও জানাতে হবে।

এ ছাড়া শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় উৎসাহিত করতে কী ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে—সেসব তথ্যও প্রতিবেদনে উল্লেখ করতে বলা হয়েছে।

মাউশি জানিয়েছে, আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের অধীনস্থ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ করে একটি সারসংক্ষেপ তৈরি করতে হবে এবং নির্ধারিত ছক অনুযায়ী তা ই–মেইলে ([email protected]) পাঠাতে হবে। প্রতিবেদনে অঞ্চল ও প্রতিষ্ঠানের নাম, বাস্তবায়িত পদক্ষেপের শতকরা হার, যেসব প্রতিষ্ঠান বাস্তবায়ন করতে পারেনি তাদের হার ও কারণসহ প্রয়োজনীয় মন্তব্য উল্লেখ করতে হবে।

 
ইত্তেফাক/এসজেএস