দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সাতবাড়িয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুরে সাতবাড়িয়া এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এই কাজের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রতিমন্ত্রী বলেন, খাল পুনঃখননের মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে এবং কৃষকদের জন্য সেচ সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। এতে করে স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং কৃষকরা সবজি ও বিভিন্ন ধরনের ফসল উৎপাদনের সুযোগ পেয়ে আর্থিকভাবে লাভবান হবেন।
সরকারের উন্নয়নমূলক পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ ও দেশের সংকটময় সময়ে নেতৃত্ব দিয়ে একটি দরিদ্রপীড়িত দেশকে কৃষিনির্ভর স্বনির্ভরতার পথে এগিয়ে নিয়েছিলেন। তাঁর সুযোগ্য সন্তান তারেক রহমান বর্তমানে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ইতোমধ্যে দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কার্যক্রম শুরু করেছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী আরও জানান, বাগেরহাট জেলার ৯টি উপজেলার বিভিন্ন খাল পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে এবং খালগুলো শনাক্ত করার কাজ চলছে। পর্যায়ক্রমে সব খাল পুনঃখননের মাধ্যমে এলাকার উন্নয়ন নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সাতবাড়িয়া খালের প্রায় তিন কিলোমিটার অংশ পুনঃখনন করবে। খালটি ৪৫ ফুট চওড়া এবং প্রায় ১০ ফুট গভীর করে খনন করা হবে। এর ফলে প্রায় ৬৫০ হেক্টর জমি চাষাবাদের আওতায় আসবে এবং সরাসরি প্রায় দেড় হাজার কৃষক উপকৃত হবেন।
অনুষ্ঠানে বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে বক্তব্য দেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাত, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিপিএম, বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল রশিদ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোতাহার হোসেন।
এ সময় ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, স্থানীয় উপকারভোগী মো. নাজমুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

