ইরানের সামরিক বাহিনীর মধ্যে অসন্তোষ-আর্থিক চাপ, ‘পালাচ্ছেন অনেকেই’  

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ১৪:১৯

ইরানের নিরাপত্তা ও সামরিক বাহিনীর কিছু অংশে অসন্তোষ, মনোবলহীনতা, আর্থিক চাপ এবং পদত্যাগের ঘটনা ছড়িয়ে পড়ছে। দেশটির বাহিনীর অভ্যন্তরে এই সমস্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। এই ঘটনার সঙ্গে জ্ঞাত ব্যক্তিদের বরাত দিয়ে রিপোর্ট প্রকাশ করেছে ইরান ইন্টারন্যাশনাল। 

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দেশটির স্পেশাল ইউনিট কমান্ডের সদস্যরা ইতোমধ্যে একটি নোটিশ পেয়েছেন। তাতে জানানো হয়েছে, কিছু ইউনিটের বেতন পরিশোধে সমস্যা তৈরি হয়েছে।

দেশটির সামরিক বাহিনীর মধ্যে এই বেতন বিলম্বের ঘটনা চলতি বছরের মধ্যে তৃতীয়বার, যা বাহিনীর মধ্যে আর্থিক চাপ এবং অসন্তোষকে আরও বাড়াচ্ছে। 

সূত্র জানিয়েছে, বেতনের ধারাবাহিক বিলম্বের কারণে কিছু সেনা সদস্য সরকারি নির্দেশ মোতাবেক দায়িত্বে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে। এতে ইরানের বড় শহরগুলোতে সেনা মোতায়েন প্রক্রিয়ায় বড় ধরনের বিঘ্ন ঘটেছে।

একই সময়ে ইরানে পেনশনপ্রাপ্ত এবং কিছু সেনা সদস্যের বেতনও টানা দ্বিতীয় মাস ধরে পরিশোধ করা হয়নি বলে রিপোর্টে বলা হয়েছে। 

দেশটির কিছু সিনিয়র কমান্ডারের অভিযোগ, আইআরজিসি রাষ্ট্রায়ত্ত 'ব্যাংক সেপাহ'-এ চলমান আর্থিক সংকটকে ব্যবহার করে ইরানের পুলিশ বাহিনীকে দুর্বল করছে এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সংস্থাগুলোর ক্ষমতা বৃদ্ধি করছে।

যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা অনেক দেশের কড়া নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতি প্রবল চাপের মধ্যে রয়েছে। সেই সঙ্গে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে অতর্কিত হামলা শুরু করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। টানা ১৮ দিন ধরে এই যুদ্ধ চলতে। এতে করে দেশটির অর্থনীতি আরও ভঙ্গুর দশায় পড়েছে।

এমন পরিস্থিতির মধ্যে দেশটির সামরিক বাহিনীর বেতন না পাওয়া নিয়ে প্রতিবেদন প্রকাশ পেলো। 

 

ইত্তেফাক/এসআর