টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর ইউসুফ খান (৩২) নামে এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার আজগানা ইউনিয়নের ঘাগরাই গ্রামের একটি ইটভাটার মাটির স্তূপের নিচ থেকে তার লাশ পাওয়া যায়।
ইউসুফ খান ওই গ্রামের দুলাল খানের ছেলে এবং স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় বাড়ির পাশেই মাটির সাইড দেখতে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তার বোন পান্না আক্তার মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজের ঘটনার তদন্তে পুলিশ একই গ্রামের দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই ইটভাটার মাটির স্তূপ খুঁড়ে ইউসুফের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের ধারণা, মাটির ব্যবসা সংক্রান্ত বিরোধ থেকেই এ হত্যাকাণ্ডের সূত্রপাত। ঘটনার দিন একটি ট্রাকের ধাক্কায় একটি গাছ ভেঙে যাওয়াকে কেন্দ্র করে ইউসুফের সঙ্গে এক প্রবাসীর কথা কাটাকাটি হয়েছিল বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
