পবিত্র ঈদুল ফিতরের ছুটির কারণে বুধবার (১৮ মার্চ) থেকে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানা ১০ দিন সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এসময় হিলি ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে এই দুই দেশে বৈধ পাসপোর্ট-ভিসায় যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহিনুর ইসলাম মন্ডল জানান, ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত মোট ১০ দিনের ছুটির কারণে বন্দরের সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম স্থগিত থাকবে। ছুটি শেষে ২৮ মার্চ থেকে আবার স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, সীমান্ত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের ভারত ও বাংলাদেশের মধ্যে আসা- যাওয়া স্বাভাবিক থাকবে। ঈদ উপলক্ষে যেসব যাত্রী যাতায়াত করবেন, তাদের জন্য ইমিগ্রেশন সেবা চালু থাকবে।
এ বিষয়ে হিলি স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আমির হামজা জানান, সরকারি ছুটির কারণে এসময়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ছুটি ব্যতীত কাস্টমস অফিসের দাপ্তরিক কাজ সীমিত পরিসরে চলবে। ২৮ মার্চ থেকে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। এতে করে হিলি স্থলবন্দর তার স্বাভাবিক কার্যচাঞ্চল্যে ফিরে আসবে।

