জাবির আবাসিক হল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ১৭:৪৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হল থেকে কণিষ্ক মাঝি নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) দুপুরে শেরে বাংলা হলের ৪১৩ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত কণিষ্ক মাঝি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫০তম ব্যাচের (২০২০-২১ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা খবর পেয়ে পুলিশকে অবহিত করেছি। তারা এসে মরদেহ উদ্ধার করবেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।’

হল সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে হলের অধিকাংশ শিক্ষার্থী বাড়ি চলে গেলেও কণিষ্ক মাঝি হলের কক্ষে একাই অবস্থান করছিলেন। দুপুর ২টার দিকে তার পাশের কক্ষের একজন শিক্ষার্থী তাকে ডাকতে গেলে কোনো সাড়া পাননি। দীর্ঘক্ষণ ডাকাডাকির পর সন্দেহ হলে তিনি আরও কয়েকজন শিক্ষার্থীকে ডেকে আনেন। একপর্যায়ে তারা ইট দিয়ে জানালার কাচ ভেঙে ভেতরে কণিষ্ককে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান।

এই ঘটনায় সহপাঠী ও বিশ্ববিদ্যালয় পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

ইত্তেফাক/এমএসআর