রাশিয়া ইরানকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করছে—এমন একটি প্রতিবেদনের পর ক্রেমলিন তা খারিজ করেছে। বুধবার (১৮ মার্চ) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট ‘ফেক নিউজ’ এবং এতে ভিত্তিহীন তথ্য প্রচার করা হয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালের (ডব্লিউএসজে) প্রতিবেদনে বলা হয়েছিল, রাশিয়া ইরানকে ড্রোন প্রযুক্তি এবং স্যাটেলাইট চিত্র সরবরাহ করছে, যাতে তেহরান মার্কিন বাহিনীর অবস্থান চিহ্নিত করে আক্রমণ করতে পারে। প্রতিবেদনে আরও উল্লেখ ছিল, রাশিয়া পরিবর্তিত শাহেদ ড্রোন সরবরাহের পাশাপাশি কতগুলো ড্রোন ব্যবহার করা হবে এবং কোন উচ্চতায় আক্রমণ চালানো হবে, সে বিষয়ে ট্যাকটিক্যাল (কৌশলী) পরামর্শ দিয়েছে।
অন্যদিকে ক্রেমলিন জানিয়েছে, বর্তমানে এই যুদ্ধে নানা ধরনের রিপোর্ট ছড়িয়ে পড়েছে। অধিকাংশই তথ্যবহির্ভূত, তাই প্রতিটি বিষয়ে মন্তব্য করার প্রয়োজন নেই। পেসকভ আরও যোগ করেন, যুক্তরাষ্ট্রের সরকারও ইতোমধ্যে জানিয়েছে, তাদের কাছে এই বিষয়ে কোনো প্রমাণ নেই।
রাশিয়ার এই ‘সহায়তা’ নিয়ে ওয়াল স্টিট জার্নালের রিপোর্টে বলা হয়, এটি মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘায়িত করতে সাহায্য করবে, যা রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক স্বার্থে সহায়ক হতে পারে। তবে মস্কো পূর্ব থেকেই জানিয়েছে, এই সংঘাতে তারা সরাসরি অংশগ্রহণ করবে না। পেসকভ বলেছেন, পশ্চিম এশিয়ার যুদ্ধ আমাদের যুদ্ধ নয়।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুদ্ধে উত্তেজনা বাড়ার পর ইরানও প্রতিশোধমূলক পদক্ষেপের কথা জানিয়েছে। নিরাপত্তা প্রধান আলি লারিজানির হত্যার পর ইরান মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আক্রমণ বাড়াতে পারে।
