গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও চট্টগ্রামের লোহাগাড়ায় মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গোবিন্দগঞ্জে বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী এবং লোহাগাড়ায় বাসের ধাক্কায় ৪র্থ শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছেন।
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা): গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের যাত্রীবাহী বাসের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত ও ৩ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- কুড়িগ্রামের রাজারহাটের সাব-রেজিস্টার নুসরাত জাহান ও তার গৃহকর্মী জান্নাত খাতুন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, বেলা ১১টার দিকে গোবিন্দগঞ্জের চক্ষু হাসাপাতাল এলাকায় ঢাকাগামী মাইক্রোবাসের সাথে রংপুরগামী শঠিবাড়িসেবা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমরে মুচরে যায়। এ ঘটনায় বাস চালক ও মাইক্রোবাসের চালকসহ ৫ জন আহত হন। এদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্য চিকিৎসক নুসরাত জাহান (৩৫) ও জান্নাতকে (১১) মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা: উপজেলার চুনতির ফরেস্ট গেইট সংলগ্ন এলাকায় হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় ৪র্থ শ্রেণির শিক্ষার্থী মো: ওমর উল্লাহ (১২) নিহত হয়েছে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। নিহত শিক্ষার্থী চুনতি সুফিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র এবং চুনতি সুফিনগর এলাকার মোহাম্মদ উল্লাহর ছেলে।
চুনতি পুলিশ ফাঁড়ির এএসআই চন্দ্র কুমার কুর্মী জানান, চুনতি ফরেস্ট গেইট এলকায় চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস শিশু শিক্ষার্থীকে ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হয়। দোহাজারী হাইওয়ে থানার ওসি মো: আহসান হাবীব জানান, বাসটিকে আটক করা হয়েছে।
