ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার শান্তাহার রেলস্টেশনের অদূরে নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতের ঘটনায় ঈশ্বরদী থেকে আনা হয়েছে একটি উদ্ধারকারী ট্রেন। তাছাড়া সৈয়দপুর থেকে আরও একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে আনা হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে সান্তাহারের সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটের দিকে ঈশ্বরদী থেকে আসা উদ্ধারকারী ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে দুপুর ২টার দিকে সান্তাহার থেকে দুই কিলোমিটার উত্তরে বাগবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এই দুর্ঘটনার কারণে উত্তরাঞ্চলের একাংশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয়রা জানান, বাগবাড়ী এলাকায় গত ১৫-২০ দিন লাইন সংস্কারের কাজ করা হচ্ছে। তারপর থেকে এ লাইনে সাবধানে ট্রেন চলাচল করছিল। বুধবার সকাল ৬টা ২০ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে বাগবাড়ী এলাকা পার হচ্ছিল। এ সময় ট্রেনের ইঞ্জিন পার হতে পারলেও বগি হঠাৎ করে লাইনচ্যুতের ঘটনা ঘটে। এতে ১৪টি বগির মধ্যে ৯টি বগি লাইন থেকে পড়ে যায়। আতঙ্কে ট্রেনের ছাদে থাকা যাত্রীরা লাফ দিয়ে নিচে পড়ে আহত হন।
এ সময় খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। এলাকাবাসীও তাদের সহযোগিতা করে। নওগাঁ ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় অন্তত ৫০-৬০ জনকে। এ ঘটনার পর রংপুরগামী সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেললাইন থেকে স্লিপারগুলো সরে গেছে।
বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, রাতের মধ্যেই ট্রেনটি উদ্ধার হবে বলে আশা করছি। যাত্রীদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা রয়েছে। হাসপাতালে ভর্তিরত অনেকে চিকিৎসা নিয়ে গন্তব্যে ফিরে গেছেন।
সান্তাহারের স্টেশন মাস্টার খাদিজা খাতুন বলেন, কীভাবে এটা হলো এখন বলা যাবে না। পরবর্তীতে বলা যাবে। কারণ এখন এখানে ট্রেনের ড্রাইভার নেই। এ ঘটনায় সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বগুড়ায় ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ