গুয়াতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচের দল ঘোষণা করলো আর্জেন্টিনা

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ১৭:০৭

আগামী ৩১ মার্চ প্রীতি ম্যাচে গুয়াতেমালার বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আসন্ন এই ম্যাচকে সামনে রেখে ২৮ জনের দল ঘোষণা করেছে আলবিসেলেস্তেরা।

গুয়াতেমালার বিপক্ষে আর্জেন্টিনা দলকে নেতৃত্ব দেবেন লিওনেল মেসি। এছাড়া হুলিয়ান আলভারেজ, রদ্রিগো ডি পল, এমিলিয়ানো মার্টিনেজ, এনজো ফার্নান্দেজদের মতো তারকাদের দলে রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। দোহায় স্পেনের বিপক্ষে ফিনালিসিমা ম্যাচ বাতিল হওয়ার পর এ প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নেয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

এই দলে দুজন নতুন মুখও আছেন—এস্তুদিয়ান্তেস সেন্টার ব্যাক টমাস পালাসিওস এবং রেসিং লেফট ব্যাক গ্যাব্রিয়েল রোহাস। গত বছর ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলে আর্জেন্টিনা। সেই প্রীতি ম্যাচে দলে জায়গা না পাওয়া লেফট ব্যাক মার্কোস আকুনিয়াকে ফেরানো হয়েছে আর্জেন্টিনা স্কোয়াডে। 

তবে চোটের কারণে জায়গা পাননি জোভান্নি লো সেলসো, লিসান্দ্রো মার্টিনেজ এবং লাওতারো মার্টিনেজ। ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও আলেহান্দ্রো গারনাচোর জায়গায় নিকো পাজ ও জিয়ানলুকা প্রেস্তিন্নিকে ডেকেছেন স্কালোনি।

আর্জেন্টিনা দল

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, হুয়ান মুসো, জেরোনিমো রুলি।

ডিফেন্ডার: মার্কোস আকুনিয়া, লিওনার্দো বালের্দি, নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস ওতামেন্দি, টমাস পালাসিওস, গ্যাব্রিয়েল রোহাস, ক্রিস্তিয়ান রোমেরো, মার্কোস সেনসি, নিকোলাস তালিয়াফিকো। 

মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, ম্যাক্সিমো পেরন, ভালেন্তিন বারকো, এজেকুয়েল পালাসিওস, লিয়ান্দ্রো পারেদেস, নিকো পাজ, জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি। 

ফরোয়ার্ড: থিয়াগো আলমাদা, হুলিয়ান আলভারেজ, নিকো গঞ্জালেস, হোসে লোপেজ, লিওনেল মেসি ও জুলিয়ানো সিমিওনে।

 

ইত্তেফাক/জেডএইচ