নাটোরের গুরুদাসপুর উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় এক সহকারী উপপরিদর্শক (এএসআই) আহত হওয়ার তথ্য দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার চাঁচকৈড় বাজারের রসুন হাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ কর্মকর্তা মো. আজিজকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি মশিউর রহমান বাবলু এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী দুলাল সরকারের সমর্থকদের মধ্যে পূর্ব বিরোধের জেরে এ সংঘর্ষের সূত্রপাত। বৃহস্পতিবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা, পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও কাঠের বাটাম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় এএসআই আজিজ গুরুতর আহত হন।
সংঘর্ষে উভয় পক্ষের পক্ষ থেকেই ভাঙচুরের অভিযোগ উঠেছে। দুলাল সরকারের দাবি, তার রাজনৈতিক কার্যালয় ও সমর্থকদের কয়েকটি দোকান ও বাড়িতে হামলা চালানো হয়েছে এবং ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। অন্যদিকে মশিউর রহমান বাবলু অভিযোগ করেন, তার মালিকানাধীন ক্লিনিক, রড-সিমেন্টের দোকান ও শিশু পার্কে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।
তবে এ ঘটনায় বিএনপির কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের না করলেও আহত পুলিশ সদস্যের পক্ষ থেকে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার জানান, বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ হস্তক্ষেপ করলে এএসআই আজিজ আহত হন। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
