সৌদিতে নিহত মোশাররফের সন্তানদের শিক্ষা ব্যয় বহন করবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী

আপডেট : ২০ মার্চ ২০২৬, ১৬:০৬

সৌদি আরবে ইরানের মিসাইলের আঘাতে নিহত মোশাররফ হোসেনের দুই সন্তানের শিক্ষা খরচ সরকার বহন করবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (২০ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোশাররফের মরদেহ গ্রহণ করে সাংবাদিকদের একথা বলেন তিনি। জানান, যুদ্ধকালীনে প্রবাসীদের পাশে থাকবে সরকার।

মোশাররফের পরিবারের সদস্যদের সহানুভূতি জানাতে বিমানবন্দরে যান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মোশাররফের মরদেহ গ্রহণ করেন প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

আরিফুল হক চৌধুরী বলেন, ‘মোশাররফ হোসেনের মৃত্যুতে আমরা শোকাহত। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা মোশাররফ হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে এখানে এসেছি। আমরা প্রবাসীদের পাশে আছি। মোশাররফের পরিবারকে সহযোগিতা করবো। তার দুই ছেলের সব খরচ সরকার বহন করবে।’

এরর আগে, শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে মোশাররফের মরদেহ বহনকারী সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইট (এসভি ৮০৬) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গত ৮ মার্চ সৌদি আরবে আল-খারিজ শহরের কাছে আল-তোয়াইক এলাকায় একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় মোশাররফ নিহত হন। ইফতারের ঠিক আগমুহূর্তে চালানো ওই হামলায় মোশাররফসহ তিনজন প্রাণ হারান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ‘যুদ্ধাবস্থাচলা দেশগুলোর মিশন এবং দূতাবাসগুলো সর্তক রয়েছে। বাংলাদেশ বিমানের স্ট্যার্টার্ড ফ্লাইটে সরকারের খরচে একটি বিমানে ফেরত আসছেন প্রবাসীরা এবং এ প্রক্রিয়া চলমান থাকবে।’

ইত্তেফাক/এটিএন