পরিবারের সঙ্গে ঈদ কাটাতে সব বাধা আর প্রতিকূলতা উপেক্ষা করে রাজধানী ছাড়ছে মানুষ। শুক্রবার (২০ মার্চ) সকাল থেকেই ঢাকায় নেমেছে ঝুম বৃষ্টি। সেই বৃষ্টি উপেক্ষা করেই প্রধান বাস টার্মিনালগুলোতে ঘরমুখী মানুষের ঢল নেমেছে।
সায়েদাবাদ, যাত্রাবাড়ী ও গাবতলী বাস টার্মিনালে দেখা গেছে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে ঘরমুখো মানুষদের। তবে বাড়ি ফেরার অদম্য ইচ্ছার কাছে সবকিছু ম্লান হয়েছে।
কেউ ছাতা হাতে, কেউ মাথায় পলিথিন দিয়ে, আবার কেউবা বৃষ্টিতে ভিজে ব্যাগ-পোটলা নিয়ে কাউন্টারের সামনে দীর্ঘ সময় অপেক্ষা করছেন। বাস ছাড়ার অনেক আগে থেকেই যাত্রীদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
গাবতলী বাস টার্মিনালেও দেখা গেছে একই চিত্র। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, শেষ মুহূর্তের যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। তবে বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হওয়ায় এবং দৃশ্যমানতা কমে আসায় যানবাহন কিছুটা ধীরগতিতে চলছে, যা যাত্রীদের ভোগান্তি কিছুটা বাড়িয়ে দিয়েছে।
নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এবং টার্মিনাল এলাকায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। সব মিলিয়ে সকল প্রতিবন্ধকতা দূরে ঠেলে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ।

