ভারতের দুই মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইক‌মিশনারের সাক্ষাৎ

আপডেট : ২১ মার্চ ২০২৬, ১১:৪২

দায়িত্ব গ্রহণের এক বছরের মাথায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। শুক্রবার (২০ মার্চ) সকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে ভারতের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গেও বৈঠক করেন তিনি।

মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ‘এক্স’-এ পৃথক পোস্টে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন জয়শঙ্কর ও রিয়াজ হামিদুল্লাহ। বৈঠকের একটি ছবি শেয়ার করে জয়শঙ্কর জানান, আলোচনায় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

অন্যদিকে রিয়াজ হামিদুল্লাহ তার পোস্টে উল্লেখ করেন, অভিন্ন স্বার্থ ও পারস্পরিক লাভের ভিত্তিতে ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করতে বাংলাদেশের প্রস্তুতির কথা তিনি তুলে ধরেছেন।

এদিকে সন্ধ্যায় ভারতের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে পৃথক বৈঠক করেন বাংলাদেশের হাইকমিশনার। এ বিষয়ে দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন জানায়, আলোচনায় দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি সহযোগিতার নতুন ক্ষেত্র প্রসারের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

ইত্তেফাক/আইএ