ইরানের নববর্ষ নওরোজের শুভেচ্ছা জানালেন পুতিন

আপডেট : ২১ মার্চ ২০২৬, ১৬:০৪

দুঃসময়ে ইরানের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পারস্য নববর্ষ নওরোজ উপলক্ষে পাঠানো এক বার্তায় তিনি ইরানকে ‘বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার’ হিসেবে উল্লেখ করেন।

ক্রেমলিনের বরাত দিয়ে জানা গেছে, বার্তাটি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উদ্দেশে পাঠানো হয়। এতে পুতিন ইরানের জনগণের জন্য শুভকামনা জানিয়ে বলেন, তারা যেন এই কঠিন সময় সম্মান ও দৃঢ়তার সঙ্গে অতিক্রম করতে পারে।

এদিকে, সাম্প্রতিক প্রতিবেদনে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় অঞ্চলে ইরানের সামরিক তৎপরতায় রাশিয়ার সহযোগিতা বাড়ার ইঙ্গিত মিলেছে। একাধিক পশ্চিমা গোয়েন্দা সূত্রের বরাতে জানা যায়, ইরানকে উন্নত ড্রোন হামলার কৌশলগত সহায়তা দিচ্ছে মস্কো, যা পূর্বের তুলনায় আরও নির্দিষ্ট ও উন্নত পর্যায়ের সহযোগিতা।

এছাড়া, মার্কিন সেনা, জাহাজ ও বিমান চলাচলের অবস্থান ও গতিবিধি সম্পর্কিত তথ্যও ইরানকে সরবরাহ করছে রাশিয়া বলে অভিযোগ উঠেছে। এসব তথ্যের একটি বড় অংশ রাশিয়ার উন্নত স্যাটেলাইট নেটওয়ার্ক থেকে সংগৃহীত বলে জানা গেছে।

 

ইত্তেফাক/কেএইচ