ভিয়েতনামে বাংলাদেশ স্কোয়াডে দেরিতে যোগ দেবেন হামজা 

আপডেট : ২২ মার্চ ২০২৬, ১৫:৫৪

এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতির জন্য বাংলাদেশ দল এখন ভিয়েতনামে। শনিবার (২১ মার্চ) ভিয়েতনামে পৌঁছায় লাল-সবুজের প্রতিনিধিরা। রোববার (২২ মার্চ) দলে যোগ দেওয়ার কথা ছিল হামজা চৌধুরীর। তবে সেটি এখন দু’দিন পিছিয়ে ২৪ মার্চ বিকালে পুনঃনির্ধারিত হয়েছে। 

গত ১২ মার্চ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে জানানো হয়েছিল, আজই ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা চৌধুরী। ঢাকা ছাড়ার আগে গত বৃহস্পতিবার দলের ম্যানেজার আমের খান ও অধিনায়ক জামাল ভূঁইয়াও একই কথা বলেছিলেন। কিন্তু হামজার ক্লাব লেস্টার সিটি এখনই তাকে ছাড়তে চাচ্ছে না। তাই আজ আর বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়া হচ্ছে না হামজার।

ফেডারেশন ও দলীয় সূত্রে প্রাপ্ত তথ্য– লেস্টার সিটি বাংলাদেশকে জানিয়েছে, আন্তর্জাতিক বিরতিতেই তারা হামজাকে ছাড়বে। ফিফার আন্তর্জাতিক ম্যাচসূচি অনুযায়ী, ২৩ থেকে ৩১ মার্চ পর্যন্ত এ বিরতি। সে হিসাবেই ছুটি পাচ্ছেন হামজা। তাই ২৩ মার্চ ইংল্যান্ড থেকে টার্কিশ এয়ারলাইন্সে রওনা হবেন। ইস্তাম্বুলে ট্রানজিট শেষে ২৪ মার্চ বিকেলে পৌঁছাবেন ভিয়েতনামের হ্যানয়ে। 

ভিয়েতনামে খেলেই সিঙ্গাপুর যাবে বাংলাদেশ দল, সেখানে ৩১ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবেন হামজারা। এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ আগেই শেষ হয়ে গেছে বাংলাদেশের।

ইত্তেফাক/জেডএইচ