মোহাম্মদপুরে পিস্তলসহ সন্ত্রাসী রুবেল ওরফে ‘দাগী রুবেল’ গ্রেপ্তার

আপডেট : ২২ মার্চ ২০২৬, ১৮:২৮

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মধ্যরাতে অভিযান চালিয়ে দেশীয় পিস্তলসহ কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী রুবেল (২৭) ওরফে ‘দাগী রুবেল’ -কে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।

শনিবার (২১ মার্চ) দিবাগত রাতে মোহাম্মদপুরের বাবর রোড এলাকায় এ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বাবর রোড এলাকায় একদল সশস্ত্র সন্ত্রাসী নাশকতার উদ্দেশ্যে অবস্থান করছে। পরে র‍্যাব-২-এর একটি বিশেষ আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এসময় পালানোর চেষ্টা করলে রুবেলকে একটি অবৈধ দেশীয় শাটারগানসহ গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ও আশপাশ এলাকায় অস্ত্র প্রদর্শন, মাদক ব্যবসা ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। র‍্যাবের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদক ও সন্ত্রাসবিরোধী আইনে অন্তত পাঁচটি মামলা রয়েছে।

র‍্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল ইসলাম জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব নিয়মিত অভিযান চালাচ্ছে। গ্রেফতার রুবেলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র‍্যাব।

ইত্তেফাক/এসজেএস