বান্দরবানের সুয়ালক এলাকায় একটি ঢালু পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারানো বাসটি গাছে আটকে যাওয়ায় ৪৪ যাত্রী বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। তবে দুর্ঘটনায় ১৫ জন আহত হয়েছেন, তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
রবিবার (২২ মার্চ) ভোরে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, বাসটিতে বান্দরবানের কয়েকজন যাত্রী ছাড়া অধিকাংশ পর্যটক ছিলেন। ওই বাসের যাত্রী আল আমিন ও আরও কয়েকজন জানিয়েছেন, বাসটি সাতকানিয়ার হলুদিয়া পার হয়ে বান্দরবানের এক কিলোমিটার ভেতরে এসে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে গড়িয়ে যায়। নিয়ন্ত্রণহীন বাসটি ঢালু পাহাড়ি খাদের দিকে গড়িয়ে যাওয়ার সময় গাছে আটকে যায়। যাত্রীদের সবার অভিযোগ, চালক দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন। কয়েকবার তাকে সতর্কও করা হয়েছিল। আঁকাবাঁকা পাহাড়ি সড়কে এসে বাঁক ঘোরানোর সময় চালক নিয়ন্ত্রণ রাখতে পারেননি।
বান্দরবান সদর হাসপাতালের চিকিৎসকরা জানান, গুরুতর আহতরা হলেন পল্লব দাশ (২৮), চিরঞ্জীব সেন (২৭) ও প্রিয়তম দাশ (২০), যাদের বাড়ি পুরান ঢাকায়। তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্য ১২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছাড় দেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে বলেন, চালকের দ্রুতগতির কারণে দুর্ঘটনা ঘটেছে। বাস গাছে আটকে যাওয়ায় বড় ধরনের বিপর্যয় থেকে যাত্রীরা রক্ষা পেয়েছেন। ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে।
