ব্রাহ্মণবাড়িয়ায় চোখে টর্চের আলো দেওয়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, কিশোরকে হত্যা

আপডেট : ২২ মার্চ ২০২৬, ১৯:৩৫

ব্রাহ্মণবাড়িয়ায় চোখে টর্চের আলো দেওয়াকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার জেরে বাবুল মিয়া নামে এক কিশোরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

শনিবার (২১ মার্চ) ঈদের দিন রাতে নাসিরনগর উপজেলার ঘুজিয়াখাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবুল মিয়া উপজেলার চাতলপাড় ইউনিয়নের বড়নগর গ্রামের আবু মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, ঘুজিয়াখাই ব্রীজ এলাকায় বাবুলের ছোড়া টর্চের আলো কয়েকজনের চোখে লাগে। এ সময় কথা-কাটাকাটি ও বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ৪/৫ জন দুর্বৃত্ত মিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ও কুপিয়ে হত্যা করে। পরে লাশ মেঘনা নদীর পাড়ে ফেলে রেখে পালিয়ে যায় তারা। রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা বাবুলকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল গণমাধ্যমকে জানান, ঈদের দিন সন্ধ্যায় বাবুলসহ তার বন্ধুরা গান শুনছিল। অন্ধকারে টর্চলাইট জ্বালালে সেই আলো কয়েকজনের চোখে লাগলে তাদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছুরিকাঘাতে ও কুপিয়ে তাকে হত্যা করা হয়।

নাসিরনগর থানার ওসি শাহীনুর ইসলাম জানান, নিহত বাবুলের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। রাতেই বাবুলের মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ইত্তেফাক/এসএএস