চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছে বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগায় প্রতিপক্ষের জালে রীতিমতো গোল উৎসব করছে তারা। এতেই নিজেদের ৫৪ বছরের পুরোনো রেকর্ড ভাঙার পথে রয়েছে ক্লাবটি।
১৯৭১–৭২ মৌসুমে লিগে ১০১ গোল করেছিল বায়ার্ন। যা এখনো এক মৌসুমে লিগে কোনো দলের সর্বোচ্চ গোলের রেকর্ড। ৫৪ বছর পর নিজেদের সেই রেকর্ড ভাঙার খুব কাছে বাভারিয়ানরা।
বুন্দেসলিগায় এখনও ৭ ম্যাচ বাকী বায়ার্নের। এরই মধ্যে ৯৭টি গোল করেছে তারা। আর মাত্র ৫ গোল করলেই ৫৪ বছরের পুরোনো রেকর্ড গুড়িয়ে দেবে বায়ার্ন মিউনিখ।
আগামী শনিবার লিগে নিজেদের ২৮তম ম্যাচে ফ্রাইবুর্গের মুখোমুখি হবে বায়ার্ন। হয়তো সেই ম্যাচেই ১০১ গোলের সংখ্যা পেরিয়ে যাবে বায়ার্ন। গত বছরের নভেম্বরে ফ্রাইবার্গের বিপক্ষে সর্বশেষ ম্যাচেই ৬ গোল দিয়েছিল তারা।

চলতি মৌসুমে বায়ার্নের গোলগুলোতে সবচেয়ে বেশি অবদান রেখেছেন স্ট্রাইকার হ্যারি কেইন। লিগে ২৬ ম্যাচ খেলে ৩১ গোল করেছেন এই ইংলিশ তারকা।

