নওগাঁর মান্দা উপজেলায় চাঁদা না দেওয়ায় এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের কালীগ্রাম এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত ব্যক্তি সারওয়ার জাহান (৪৫), তিনি স্থানীয় বাসিন্দা কছিম উদ্দিন প্রামাণিকের ছেলে। অভিযুক্ত হিসেবে একই গ্রামের রাজু আহমেদের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি দলবল নিয়ে এই হামলা চালান।
আহতের স্ত্রী সাথী আক্তার জানান, প্রায় এক বছর আগে তারা কালীগ্রামে একটি বসতবাড়ি কিনেন। এরপর থেকেই অভিযুক্তরা এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।
তিনি অভিযোগ করেন, ঈদের আগেও তাদের বাড়ি ঘেরাও করা হয়েছিল। স্থানীয়দের চাপে সেদিন হামলাকারীরা ফিরে গেলেও রোববার আবার একই দাবিতে হামলা চালানো হয়।
পরিবারের অভিযোগ অনুযায়ী, দুপুরের দিকে অভিযুক্তরা সারওয়ার জাহানকে কালীগ্রাম উপস্বাস্থ্য কেন্দ্রের পেছনে ধরে নিয়ে যায় এবং হাতুড়ি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে।
স্থানীয়রা জানান, হামলাকারীরা তাকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠান।
অভিযুক্ত রাজু আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তাদের জানা নেই।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম মাসুদ রানা বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
