রাঙ্গুনিয়ায় নিজ বাড়িতে মাসহ বিএনপি নেতা গুলিবিদ্ধ

আপডেট : ২৩ মার্চ ২০২৬, ০৪:০০

চট্টগ্রামের রাঙ্গুনিয়া সরফভাটা ইউনিয়নে রোববার (২২ মার্চ) রাতে নিজের বাড়িতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে প্রকৌশলী ওসমান (৪২) এবং তার মা আছিয়া বেগম (৭০) গুলিবিদ্ধ হয়েছেন। রাত ৮.১০টার দিকে চারজন সশস্ত্র দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে গুলি চালায় বলে জানিয়েছেন তার পিতা রশিদ আহমদ।

ওসমানের পিতা জানিয়েছেন, দুর্বৃত্তরা অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ওসমান হাত ও পেটে গুলিবিদ্ধ হন। তার মা আছিয়া বেগম ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে তিনি দুপায়ে গুলিবিদ্ধ হন। এছাড়া ওসমানের বাবাকেও পিটিয়ে আহত করা হয়।

ওসমান সরফভাটা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গঞ্জম আলী সরকারের বাড়ির রশিদ আহমদের ছেলে এবং সরফভাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

ঘটনার পর ওসমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তার মায়ের চিকিৎসা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে।

এ ঘটনায় এলাকার পরিবেশ থমথমে হয়ে গেছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হিলাল উদ্দিন আহমদ বলেন, "ওসমানের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা সঠিক। তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। সেনাবাহিনী ও রেবের পৃথক দল ঘটনাস্থলে আসছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।"

ইত্তেফাক/এএম