প্রধানমন্ত্রী যদি জবাবদিহিতার মধ্যে থাকেন, তবে গণমাধ্যমকর্মীদেরও জবাবদিহির আওতায় থাকতে হবে: তথ্যমন্ত্রী

আপডেট : ২৩ মার্চ ২০২৬, ০৭:৩১

প্রধানমন্ত্রী যদি জবাবদিহিতার মধ্যে থাকেন, তবে গণমাধ্যমকর্মীদেরও একইভাবে জবাবদিহির আওতায় থাকতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার (২২ মার্চ) বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাব আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক দলের নেতাকর্মীরা যেমন ইচ্ছামতো কিছু করতে পারেন না, তেমনি সাংবাদিক পরিচয়পত্র থাকলেই যা খুশি করা যাবে না। তিনি উল্লেখ করেন, কিছু ব্যক্তির কর্মকাণ্ডের কারণে সাংবাদিকতার মতো মহান পেশা বিতর্কিত হয়ে পড়ছে।

তিনি আরও বলেন, রাজনীতির ক্ষেত্রেও অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, যা গ্রহণযোগ্য নয়। তাই সাংবাদিক ও রাজনীতিবিদ—উভয়কেই দায়িত্বশীল আচরণ করতে হবে। বিশেষ করে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর রাজনীতিবিদরা বিষয়টি উপলব্ধি করতে শুরু করেছেন বলেও জানান তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, অপসাংবাদিকতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে, যাতে সৎ সাংবাদিকরা টিকে থাকতে পারেন এবং কেউ তাদের ব্ল্যাকমেইলার বলতে না পারে।

ইত্তেফাক/এএম