টেকনাফ সৈকতে সহস্রাধিক ডিম পেড়ে সাগরে ফিরলো ১৬ কাছিম

আপডেট : ২৩ মার্চ ২০২৬, ০৮:৪৪

কক্সবাজারের টেকনাফে একদিনে সৈকতে ১৬টি অলিভ রিডলে কাছিম ১ হাজার ৭৩৩টি ডিম দিয়েছে। ডিম পাড়ার পর তারা আবার সাগরে ফিরে যায়।

রোববার (২২ মার্চ) সকাল থেকে কমিউনিটি-লেড টার্টল কনজারভেশন (কোডেক) প্রকল্পের আওতায় উপকূলে স্থাপিত পাঁচটি হ্যাচারির মাধ্যমে ডিমগুলো সংগ্রহ করে সংরক্ষণ করা হয়েছে।

জানা গেছে, চলতি মৌসুমে এ পর্যন্ত ১১৬টি কাছিম থেকে ১৩ হাজার ৯০০টি ডিম সংগ্রহ ও সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি ৫৫০টি কাছিমের বাচ্চা সফলভাবে সমুদ্রে অবমুক্ত করা হয়েছে।

কমিউনিটি-লেড টার্টল কনজারভেশন (কোডেক) প্রকল্পের উখিয়া-টেকনাফ অঞ্চলে দায়িত্বরত লিয়াকত আলী জানান, সামুদ্রিক কাছিম সংরক্ষণ শুধু একটি প্রাণী রক্ষার উদ্যোগ নয়; এটি পুরো সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখার একটি অপরিহার্য পদক্ষেপ। 

তিনি আরও বলেন, সবাইকে এ উদ্যোগে সম্পৃক্ত হয়ে আমাদের সমুদ্র ও প্রকৃতিকে সুরক্ষিত রাখতে এগিয়ে আসতে হবে।

ইত্তেফাক/এএইচপি