গাজীপুরের সাফারি পার্কে ঈদের আনন্দ উদযাপন শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মোছাম্মৎ জোহরা বেগম (৬০) নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) সন্ধ্যায় জেলার কালীগঞ্জ উপজেলার টঙ্গী-ঘোড়াশাল সড়কের চুয়ারিয়াখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রিয়াদুল ইসলাম।
নিহত জোহরা বেগম নরসিংদীর মাধবদী থানার আমদিয়া বেলাইদ এলাকার মরহুম সফুর উদ্দিনের কন্যা।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই রিয়াদুল ইসলাম জানান, সকালে তিনি সহ প্রায় ৪০ জন মাধবদীর বাসিন্দা গাজীপুর সাফারি পার্কে ভ্রমণে গিয়েছিলেন। সন্ধ্যায় বাস থেকে নামার পর সড়ক পার হওয়ার সময় একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর অটোরিকশার চালক গাড়িটি ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।
এসআই আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
