জাইমা রহমানের চেলসির বয়সভিত্তিক দলে খেলার সুযোগ প্রসঙ্গ নিয়ে সৃষ্ট বিতর্কে আবারও ব্যাখ্যা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
সোমবার (২৩ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, তার সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে আলোচনা চলছে, তা “অত্যন্ত অনভিপ্রেত”।
প্রতিমন্ত্রী স্পষ্ট করেন, তার বক্তব্যের উদ্দেশ্য ছিল জাইমা রহমানের পড়াশোনার পাশাপাশি ক্রীড়া প্রতিভার বিষয়টি তুলে ধরা। তিনি এটিকে একটি ব্যক্তিগত পর্যবেক্ষণ হিসেবে উল্লেখ করে বলেন, বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করার সুযোগ নেই।
পোস্টে তিনি আরও অনুরোধ জানান, ব্যক্তিগত বক্তব্যকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন বা অপব্যাখ্যা না করতে। একই সঙ্গে, তার মন্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিক দুঃখ প্রকাশ করেন।
উল্লেখ্য, এর আগে প্রতিমন্ত্রী দাবি করেছিলেন, জাইমা রহমান চেলসির বয়সভিত্তিক নারী দলে গোলকিপার হিসেবে খেলার সুযোগ পেয়েছিলেন। এই মন্তব্যের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয় এবং বিষয়টি ট্রেন্ডিংয়ে উঠে আসে।

