বিসিবি থেকে পদত্যাগ করার কারণ জানালেন আমজাদ 

আপডেট : ২৪ মার্চ ২০২৬, ১২:৫৬

ঈদের ছুটির আমেজের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন আমজাদ হোসেন। গত বছরের অক্টোবর থেকে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আমজাদ হোসেন। হঠাৎ–ই তাকে সরিয়ে বিসিবি মোখছেদুল কামাল বাবুকে বিভাগটির দায়িত্ব দেয়। 

এরপর সোমবার (২৩ মার্চ) বিসিবি পরিচালকের দায়িত্ব থেকে পদত্যাগ করেন আমজাদ। বিসিবি সভাপতি বরাবর চিঠি দিয়েছেন তিনি। যেখানে  ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন। 

পদত্যাগের পর এ দিন রাতে গণমাধ্যমের মুখোমুখি হন আমজাদ। তিনি বলেন, ‘কারণটি পুরোই আমার ব্যক্তিগত। আপনারা জানেন, আমাদের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৬ এর ছ-তে (আছে) পরিচালনা পরিষদ চাইলে কোনো স্থায়ী কমিটি চাইলে পুনর্গঠন, পুনর্বিন্যাস করতে পারবে। হয়তো পরিচালনা পরিষদ মনে করেছে, আমি যে কমিটির দায়িত্বে ছিলাম সেটি পুনর্বিন্যাস করার। পরিচালনা পরিষদ যখন মনে করেছে, হয়তোবা আমার সার্ভিস প্রয়োজন হবে না। তারপর থেকেই এই সিদ্ধান্ত নেওয়া।’ 

তবে মিডিয়া কমিটি থেকে নিজের বাদ পড়ার কারণ জানেন না আমজাদ। তিনি বলেন, ‘আমাকে তো বলা হয়নি ঠিক কী কারণে (বাদ দেওয়া হয়েছে)। আমাকে বলা হয়েছে এটা বোর্ডের সিদ্ধান্ত, তাদের সিদ্ধান্তের প্রতি আমার সম্মান থাকবে। সেটা আমি মেনে নিয়েছি।’

ইত্তেফাক/জেডএইচ