ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের জেরে বিশ্বজুড়ে জ্বালানির সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। এমন পরিস্থিতে দক্ষিন-এশীয় দেশ ফিলিপাইনে জেট ফুয়েলসহ জ্বালানি সংকট দেখা দিয়েছে। বিমানে ব্যবহারযোগ্য জ্বালানির সংকট দেখা দেওয়ায় দেশজুড়ে বিমান পরিষেবা বন্ধ রাখার ব্যাপারে ভাবছে দেশটি।
সোমবার (২৩ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জেআর।
ফিলিপাইনের প্রেসিডেন্ট বলেন, ‘যুদ্ধ শুরুর পর থেকে দিনকে দিন জ্বালানি দুর্লভ হয়ে উঠছে। আগে যেসব দেশের কাছ থেকে আমরা জেট ফুয়েল কিনতাম, তারা এখন আর বিক্রি করতে চাইছে না। ফলে বিমান সংস্থাগুলোকে দেশের আভ্যন্তরীণ মজুতের ওপর নির্ভর করতে হচ্ছে। কিন্তু এই মজুত বেশিদিন থাকবে না। যদি যুদ্ধ শিগগিরই না থামে এবং বিক্রেতা দেশগুলো থেকে আসা সরবরাহ স্বাভাবিক না হয়, তাহলে হয়তো অল্পদিনের মধ্যেই আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক দূরপাল্লার ফ্লাইট পরিষেবা আমরা বাতিল করতে বাধ্য হবো।’
আশাবাদ ব্যক্ত করে ফার্দিনান্দ মার্কোস জেআর বলেন, ‘আমরা আশা করছি, এমন হবে না। কিন্তু যদি সত্যিই এমন পরিস্থিতি দেখা দেয়, তাহলে আমাদের সামনে আর কোনো বিকল্প নেই।’

